খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক, ১৪৩৩

৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইসলামী ব্যাংকের ঋণের অর্থ বিতরণে জাল নথি ব্যবহার, ভুয়া সরবরাহকারী প্রতিষ্ঠান দেখানো এবং অর্থ স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসেন।

দুদকের এজাহার অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং মানিলন্ডারিংয়ে জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ‘ক্লাসিক ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানকে সরবরাহকারী হিসেবে দেখানো হয়। তবে অনুসন্ধানে প্রতিষ্ঠানটির বাস্তব কোনো কার্যালয়, গুদাম কিংবা সংশ্লিষ্ট ব্যবসায়িক কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি বলে দাবি করেছে দুদক।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী ও আরামিট সিমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান, প্রতিষ্ঠানটির প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম, আরামিটের একাধিক কর্মকর্তা এবং ইসলামী ব্যাংকের জুবলী রোড শাখার ১০ কর্মকর্তা।

দুদকের অনুসন্ধানে জানা যায়, ২০১৬ সালের ২৪ জানুয়ারি ইসলামী ব্যাংকের বহদ্দারহাট শাখায় আরামিট সিমেন্ট লিমিটেডের নামে একটি আল-ওয়াদীয়াহ চলতি হিসাব খোলা হয়। পরে ২০১৭ সালের ১৫ মে হিসাবটি জুবলী রোড শাখায় স্থানান্তর করা হয়।

একই বছরের ১৫ অক্টোবর আরামিট সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রুকমীলা জামান ওই শাখায় ৫০০ কোটি টাকা কার্যকরী মূলধন ঋণের আবেদন করেন। ৮ নভেম্বর ব্যাংকটির ক্রেডিট কমিটির ৫১তম সভায় ৩৫০ কোটি টাকা ঋণ দেওয়ার সুপারিশ করা হয়। পরে ব্যাংকের নির্বাহী কমিটি ঋণটি অনুমোদন করে।

এজাহারে বলা হয়েছে, গ্রাহকের আবেদনের পর ৫৪টি বাই-মুরাবাহা ডিলের মাধ্যমে মোট ২০৫ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়। এর মধ্যে ক্লাসিক ট্রেডিংকে সরবরাহকারী দেখিয়ে ২৭টি ডিলের মাধ্যমে ৬৩ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়েছে।

দুদকের অভিযোগ, আরামিট গ্রুপের হিসাব বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ক্লাসিক ট্রেডিংয়ের মালিক ও সরবরাহকারী হিসেবে দেখানো হয়। অথচ তিনি আরামিট গ্রুপেরই একজন কর্মচারী ছিলেন।

অনুসন্ধানে পাওয়া নথি অনুযায়ী, ২০১৮ সালের ১৭ জানুয়ারি জাহাঙ্গীর আলমের নামে ক্লাসিক ট্রেডিংয়ের একটি ব্যাংক হিসাব খোলা হয়। এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১৮ সালের ১৪ জানুয়ারি ইস্যু করা ৩০৩৯৬ নম্বর ট্রেড লাইসেন্স জমা দেওয়া হয়েছিল। ওই হিসাবে তাঁর স্ত্রী শাহনাজ আক্তারকে নমিনি দেখানো হয়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) স্টেশন রোড শাখায় খোলা ওই হিসাবের পরিচয়দানকারী ছিলেন এ আর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ গিয়াস উদ্দীন। হিসাব খোলার নথিতে ক্লাসিক ট্রেডিংয়ের ঠিকানা হিসেবে চট্টগ্রামের নতুন চাকতাইয়ের ড্রামপট্টিতে সালেহ আহমেদ সওদাগর ভবনের নিচতলার ঠিকানা উল্লেখ করা হয়। তবে দুদকের অনুসন্ধানে ওই ঠিকানায় প্রতিষ্ঠানটির কোনো কার্যালয় বা গুদাম পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটির আমদানি-রপ্তানি কার্যক্রমেরও প্রমাণ মেলেনি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

দুদকের অভিযোগ, বাস্তবে ব্যবসায়িক কার্যক্রম না থাকা সত্ত্বেও ক্লাসিক ট্রেডিংকে সরবরাহকারী এবং আরামিট সিমেন্টকে মালামাল গ্রহণকারী হিসেবে দেখানো হয়। এরপর ক্লিংকার, জিপসাম, লাইমস্টোন ও স্ল্যাগসহ সিমেন্ট উৎপাদনের বিভিন্ন কাঁচামাল সরবরাহের কথা উল্লেখ করে ভুয়া ও জাল ইনভয়েস তৈরি করা হয়।

এজাহার অনুযায়ী, ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে ২০২০ সালের ৯ নভেম্বর পর্যন্ত ২৭টি বাই-মুরাবাহা ডিলের অর্থ ছাড়ের আবেদন করা হয়। আরামিট সিমেন্টের প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম স্থানীয় বাজার থেকে কাঁচামাল কেনার কথা উল্লেখ করে ক্লাসিক ট্রেডিংয়ের অনুকূলে অর্থ পরিশোধের আবেদন করেন।

প্রতিটি আবেদনের সঙ্গে ক্লাসিক ট্রেডিংয়ের প্যাডে তৈরি মালামাল সরবরাহের ইনভয়েস দাখিল করা হয়েছিল বলে অভিযোগ করেছে দুদক। তবে এসব নথিতে প্রকৃতপক্ষে মালামাল সরবরাহের তথ্য ছিল না বলে এজাহারে দাবি করা হয়েছে। ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইনভয়েস যথাযথভাবে যাচাই না করেই অফিস নোট ও প্রি-অডিট মেমো তৈরি এবং তাতে স্বাক্ষর করেন বলেও অভিযোগ রয়েছে। এসব নথির ভিত্তিতে ক্লাসিক ট্রেডিংয়ের নামে পে-অর্ডার ইস্যু করা হয়।

ঋণ বিতরণের ক্ষেত্রে গ্রাহকের ১০ শতাংশ নগদ জামানত রাখার শর্ত ছিল। তবে সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় ঋণের অর্থ পরিশোধের প্রক্রিয়ায় অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার নথিতে একটি ডিলের উদাহরণ দিয়ে বলা হয়েছে, ২০১৮ সালের ২৪ অক্টোবর ইসলামী ব্যাংকের জুবলী রোড শাখা থেকে ২ কোটি ৮০ লাখ টাকার পে-অর্ডার ইস্যু করা হয়। ওই অর্থ ইউসিবির স্টেশন রোড শাখায় ক্লাসিক ট্রেডিংয়ের হিসাবে জমা হয়। পরে একই দিন দুটি চেকের মাধ্যমে ১ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ও ১ কোটি ২৪ লাখ ৬০ হাজার টাকা ইউসিবির বহদ্দারহাট শাখার একটি পার্কিং হিসাবে স্থানান্তর করা হয়। সেখান থেকে পে-অর্ডারের মাধ্যমে অর্থ জমা হয় আরামিটের এক কর্মচারীর নামে খোলা ইয়াসিন অ্যান্ড ব্রাদার্সের হিসাবে।

এজাহারে আরও বলা হয়েছে, ২৭টি ডিলের মধ্যে ২৩টির মোট ৫৩ কোটি ১১ লাখ টাকা ইউসিবির স্টেশন রোড শাখায় ক্লাসিক ট্রেডিংয়ের হিসাবে জমা হয়। পরে ওই হিসাব থেকে অর্থ স্থানান্তর করে আইএফআইসি ব্যাংকের শাহ আমানত মার্কেট শাখায় আরামিট সিমেন্ট লিমিটেডের হিসাবে জমা করা হয়।

অন্য চারটি ডিলের মোট ৭ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকা ক্লাসিক ট্রেডিংয়ের হিসাবে জমা হওয়ার পর ইনওয়ার্ড ক্লিয়ারিংয়ের মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের জুবলী রোড শাখায় আরামিট সিমেন্টের হিসাবে স্থানান্তর করা হয়। দুদকের অভিযোগ, বিভিন্ন ব্যাংক হিসাব ব্যবহার করে অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থের প্রকৃত উৎস ও গন্তব্য আড়াল করা হয়। এ প্রক্রিয়ায় অর্থ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে সংস্থাটি।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আরামিট সিমেন্টের এজিএম এ কে এম মারুফ এবং হিসাব বিভাগের এজিএম ও ক্লাসিক ট্রেডিংয়ের কথিত স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ ছাড়া ইসলামী ব্যাংকের জুবলী রোড শাখার ১০ কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। তাঁরা হলেন প্রিন্সিপাল অফিসার মহিউদ্দীন, বিনিয়োগ বিভাগের প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আখতার হোসেন, প্রিন্সিপাল অফিসার ও জেনারেল ব্যাংকিং ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, বিনিয়োগ ইনচার্জ ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আবদুল কাদের, ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মুহাম্মদ আবদুল করিম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ ইনচার্জ মো. শহিদুল্লাহ, এফএভিপি ও অপারেশন ম্যানেজার মুহাম্মদ নিজাম উদ্দীন, এসভিপি ও শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, এসভিপি ও অপারেশন ম্যানেজার মোহাম্মদ মহসীন আলী এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার রিদওয়ানুল হক।

দুদকের অভিযোগ, ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঋণের নথি যাচাই, অফিস নোট প্রস্তুত, বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং পে-অর্ডার ইস্যুর প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। তবে কোন কর্মকর্তা কোন পর্যায়ে কী ভূমিকা পালন করেছেন, তা তদন্তে যাচাই করা হবে।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসেন বলেন, মামলাটি দুর্নীতি ও আর্থিক অনিয়মের একটি গুরুত্বপূর্ণ অভিযোগ। এজাহারে ঋণের অর্থ ছাড়ের ক্ষেত্রে জাল কাগজপত্র ব্যবহার, ভুয়া সরবরাহকারী প্রতিষ্ঠান দেখানো এবং অর্থ স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা ও প্রত্যেক আসামির সংশ্লিষ্টতা যাচাই করা হবে। অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

নিবন্ধনের দাবিতে তারেক রহমানের অনশন ১৩১ ঘণ্টা, শারীরিক অবস্থা সংকটাপন্ন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নিবন্ধনের দাবিতে তারেক রহমানের অনশন ১৩১ ঘণ্টা, শারীরিক অবস্থা সংকটাপন্ন

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন করছেন আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান। অনশনের ১৩১ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে দাবি করেছে দলটি।

রোববার (৯ নভেম্বর) বিকেলে আমজনতার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়, আমরণ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তারেক রহমান। তিনি বর্তমানে ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ রয়েছেন বলে দাবি করে তাঁর জীবন রক্ষায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

দলটির নিবন্ধনসংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত করার পাশাপাশি অনশনরত তারেক রহমানের জীবন রক্ষায় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

গত ৪ নভেম্বর বিকেল থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের প্রধান ফটকে অনশন করছেন তারেক রহমান। তাঁর কর্মসূচির প্রতি বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তারেক রহমানকে সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একজন সংগ্রামী ও সাহসী তরুণ নেতা হিসেবে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থান, ২০১৮ সালের কোটা আন্দোলনসহ রাষ্ট্রের বিভিন্ন সংকটময় মুহূর্তে তিনি আন্দোলনের অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, অনশনের ১৩১ ঘণ্টা পার হলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে দলটি মনে করছে। নিবন্ধনের দাবির বিষয়ে কমিশনের নীরবতা ও উদাসীনতা জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি করছে বলেও দাবি করা হয়।

তারেক রহমানের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর সম্পূর্ণ দায় নির্বাচন কমিশনকে নিতে হবে বলে বিবৃতিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না: তারেক রহমান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত-এনসিপি সহ্য করতে পারছে না: তারেক রহমান

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

নিজের রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা সহ্য করতে পারছেন না বলে মন্তব্য করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, আটক ও রিমান্ডের ঘটনা তুলে ধরার পাশাপাশি জামায়াত ও এনসিপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, ‘আজ প্রধানমন্ত্রী মজা করে বলছিলেন, তারেক তুমি আবার যাবা আমার সঙ্গে। ওরা জ্বলতে থাকুক।’ তিনি আরও লেখেন, ‘জামায়াত-এনসিপি আমাকে হেয় করতে করতে এমন মানসিক অবস্থায় চলে গেছে যে, আমার একটু রাষ্ট্রীয় সম্মান পাওয়াটাও সহ্য করতে পারছে না।’

রাজনৈতিক জীবনের শুরুর দিকের আর্থিক সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ২০১৮ ও ২০২৪ সালের আন্দোলনে অংশ নেওয়া সহযোদ্ধাদের মধ্যে অনেককেই জীবিকা নির্বাহের জন্য শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার ওপর নির্ভর করতে হয়েছে। তিনিও কিছুদিন প্রবাসীদের দেওয়া অর্থে খাবার, বাসাভাড়া ও গাড়িভাড়া মিটিয়েছেন বলে জানান।

তিনি বলেন, পরে ওই নির্ভরশীলতা থেকে বের হয়ে কাজ করে জীবিকা নির্বাহের চেষ্টা করেছেন। বাবা-মায়ের রাজনীতিতে অনাগ্রহের কারণে তাঁকে দারিদ্র্যের মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে তিনি ফল ও মধুর ব্যবসা করার কথাও তুলে ধরেন।

নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে তারেক রহমান দাবি করেন, ২০১৮ সালের আন্দোলনের লিফলেট, মোদিবিরোধী আন্দোলনের লিফলেট এবং ভারতীয় পণ্য বর্জনের প্রচারণায় জনপ্রিয় হওয়া লিফলেট তৈরিতে তাঁর ভূমিকা ছিল।

নিজের আটক, গুম ও রিমান্ডের ঘটনাগুলো উল্লেখ করে তিনি লেখেন, ২০১৮ সালের ১৪ মার্চ রমনা থানায় প্রথম আটক হন। একই বছরের ১৪ জুলাই দ্বিতীয়বার গুম হন বলে দাবি করেন তিনি। এরপর ২০২০ সালের ১০ ডিসেম্বর ডিবি তাঁকে আটক করে এবং পরবর্তী সময়ে ডিজিএফআইয়ের হাতে আটক হওয়ার কথাও উল্লেখ করেন। এ ছাড়া ২০২৪ সালের ৩ আগস্ট ১০ দিনের রিমান্ডে থাকার কথা জানান তিনি।

জামায়াত ও এনসিপির সঙ্গে বিরোধকে রাজনৈতিক বিরোধ হিসেবে দেখতে চান না উল্লেখ করে তারেক রহমান লেখেন, ‘যারা আমাকে সহ্য করতে পারছেন না, তাদের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ নেই। এই বিরোধ সার্বভৌমত্বের বিরোধ।’

পোস্টে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, জুলাই-পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার বিরোধিতা করা হয়েছিল। এর বিপরীতে মুক্তিযুদ্ধকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে বড় লড়াই হিসেবে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান আরও অভিযোগ করেন, ১৯৭১ সালে পরাজিত শক্তি ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি শক্তির সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। এ বিষয়ে জামায়াতের নেতাদের ভারত-সংশ্লিষ্টতা নিয়েও তিনি বিভিন্ন দাবি করেন। তবে তাঁর এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পোস্টে উল্লেখ করা হয়নি।

বিএনপির নেতাদের পদায়ন নিয়ে জামায়াতের অবস্থান প্রসঙ্গেও মন্তব্য করেন তারেক রহমান। নিজের বিরুদ্ধে হয়রানির ঘটনায় বিচলিত নন জানিয়ে তিনি জুলাই-সম্পর্কিত মামলায় কারাগারে থাকা কোনো বীর মুক্তিযোদ্ধা থাকলে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান জানিয়ে তাঁকে জামিন দেওয়ার জন্য আদালতের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, জামিনে থাকা অবস্থায় কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে আবার গ্রেপ্তার করা সম্ভব। তাঁর মতে, জুলাইয়ের সঙ্গে মুক্তিযুদ্ধের দূরত্ব কমানোর একটি উপায় হতে পারে এ উদ্যোগ।

পোস্টের শেষাংশে তারেক রহমান বাংলাদেশপন্থি দল, জাতীয়তাবাদী দল ও মুক্তিযুদ্ধের পক্ষের সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তাঁকে সঙ্গে রাখার জন্য প্রধানমন্ত্রীর প্রতিও ভালোবাসা প্রকাশ করেন তিনি।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি নয়, সরকারের প্রতি নাহিদ ইসলামের আহ্বান

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জুলাই যোদ্ধাদের চিকিৎসায় গাফিলতি নয়, সরকারের প্রতি নাহিদ ইসলামের আহ্বান

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসায় প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে কোনো ধরনের গাফিলতি যেন না হয়, সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালায় জুলাই আন্দোলনে স্থায়ী পঙ্গুত্ব বরণ করা মো. বাপ্পিকে দেখতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের ফসল। হাজারো মানুষের জীবনদান, অঙ্গহানি ও পঙ্গুত্বের বিনিময়ে নির্বাচন ও সরকারের ক্ষমতায় আসার পথ তৈরি হয়েছে। তাই রাজনীতিসহ সবকিছুর ঊর্ধ্বে উঠে আহত যোদ্ধাদের প্রতি সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতায় যেন তাঁদের চিকিৎসায় কোনো গাফিলতি না হয়, তা নিশ্চিত করতে হবে। আহত যোদ্ধাদের আর্থিক সহযোগিতা, পুনর্বাসন, তাঁদের পরিবারের সহায়তা এবং সামাজিক ও রাজনৈতিকভাবে সুরক্ষা দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি ছিল। একটি রাজনৈতিক দলের পক্ষে যতটুকু করা সম্ভব, রাষ্ট্রের পক্ষে তার চেয়ে অনেক বেশি করা সম্ভব।

এনসিপির আহ্বায়ক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আহতদের জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান সরকারের দায়িত্ব হলো সেগুলোর যথাযথ দেখভাল করা এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই যোদ্ধারা এ দেশের বীর। তাঁদের বীরত্বের কারণেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তাঁদের ত্যাগের কারণেই আজ মানুষ নতুন করে স্বপ্ন দেখতে পারছে। তাঁদের যেন কখনো ভুলে যাওয়া না হয়। অনেকেই হয়তো আর সুস্থ জীবন ফিরে পাবেন না। তাই রাষ্ট্র হিসেবে তাঁদের পাশে দাঁড়ানো জরুরি।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইদুল্লাহ হায়দার, সহসাংগঠনিক সম্পাদক শওকত আলী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ, শ্রমবিষয়ক সম্পাদক আলী নাসের খান এবং গাজীপুর জেলা এনসিপির আহ্বায়ক আবু রায়হান মেজবাহসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম